স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের এমএম কলেজে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে। আটককৃতরা হলেন রূপদিয়া উত্তরপাড়ার ইউনুস আলীর ছেলে ইমরান আল মাসুদ বুখারী এবং কাজীপাড়া মানিকতলা এলাকার বাসিন্দা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রামের দেলোয়ার খন্দকারের ছেলে সাজ্জাদ খন্দকার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আটককৃত দুই যুবক মোটরসাইকেল নিয়ে এমএম কলেজে প্রবেশ করেন এবং বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেল কলেজের শিক্ষার্থী আসিফ মাহমুদের বাইসাইকেলে আঘাত করে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অন্য শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে, আটক ইমরান তার কাছে থাকা একটি বার্মিজ চাকু দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। ছুরিকাঘাতে আব্দুস সামাদ ও নাইমুল ইসলাম নোমান গুরুতর জখম হন। এসময় ইমরান চাকু দেখিয়ে অন্যান্য শিক্ষার্থীদের হত্যার হুমকিও দেন।
পরে অন্যান্য শিক্ষার্থীরা একজোট হয়ে ইমরান ও সাজ্জাদকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম দলবল নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দু’জনকে হেফাজতে নেন। তাদের কাছ থেকে বার্মিজ চাকু ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আহত দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এমএম কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ রোববার সন্ধ্যায় আটককৃতদের আদালতে সোপর্দ করলে, বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।






