মস্কো হয়ে কলকাতা যাচ্ছে ঢাকার ‘মাস্তুল’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রিত হয়েছে ভারতের ৪র্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতায়। উৎসব কর্তৃপক্ষ নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানকে ইমেইলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত কলকাতার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন-এ অনুষ্ঠিত হবে উৎসবের এই আসর, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

উৎসবটি আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া (এফএফএসআই)-এর ইস্টার্ন রিজিওন, যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৯ সালে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নেতৃত্বে। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ-এর এশিয়া-প্যাসিফিক সেকশনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছরের উৎসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত ছবির তালিকায় রয়েছে বাংলাদেশের নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’— যেটি আগে রাশিয়ার মস্কো ও চেবক্সারির উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে এবং আসন্ন ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে।

ভারত, বিশেষ করে কলকাতার দর্শকদের সামনে ‘মাস্তুল’ প্রদর্শনের খবরে উচ্ছ্বসিত নির্মাতাসহ পুরো টিম।

ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।

শুধু কলকাতা কিংবা কাজান নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান তিনি।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, ‘‘স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।’’