স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা থানা পুলিশ জেলের ছদ্মবেশ ধারণ করে কুখ্যাত এসিড নিক্ষেপকারী জসীম (৪০) কে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে। গত ৩ জুলাই ঝিকরগাছার নাভারনে এক গৃহবধূ ও তার পরিবারের ওপর এসিড হামলার ঘটনায় জসীম প্রধান আসামি ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম প্রায় আট মাস আগে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চার বছরের সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন। প্রতিবেশী জসীম ভিকটিমকে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম ও তার পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩ জুলাই রাতে জসীম ভিকটিমের বাড়িতে এসে জানালার পাশ থেকে এসিড নিক্ষেপ করে। এতে ভিকটিম, তার মা এবং আট বছরের ছোট ভাইয়ের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। ঝিকরগাছা থানা পুলিশসহ একাধিক টিম আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জসীম নড়াইল জেলার লোহাগাড়ার আমাদাহ এলাকায় আত্মগোপন করে আছে। গত ১৫ জুলাই অভিযান চালানো হলেও আসামি বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে ধরা যায়নি।
এরপর পুলিশ জানতে পারে আসামি লোহাগাড়া, নড়াইল সদর ও কালিয়ার মধ্যবর্তী কামাল প্রতাপ নামক একটি বিশাল বিলের মাঝে অবস্থান করছে। গত ১৭ জুলাই বিকালে উপপরিদর্শক তাপসের নেতৃত্বে পুলিশের একটি দল জেলের ছদ্মবেশে বিলের মাঝে পৌঁছায়। পুলিশকে দেখে জসীম পানিতে ঝাঁপ দিলে উপপরিদর্শক তাপসও তাকে ধাওয়া করে পানিতে ঝাঁপিয়ে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে জসীমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে জসীম এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







