ব্যবসায়ীদের স্বার্থই সবার আগে:এনবিআর চেয়ারম্যান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে কাস্টমস কর্মকর্তাদের দায়িত্বশীল ও গতিশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থই সবার আগে। তাদের সুবিধা নিশ্চিতে এখন আর সময় নেওয়ার সুযোগ নেই—অ্যাকশন দরকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজীকরণ এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে কাস্টমস কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে।”

সুতা আমদানির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “সুতা আমদানি বন্ধ নেই, এটি সমুদ্রবন্দর দিয়ে হচ্ছে। ব্যবসায়ীরা চাইলে স্থলবন্দর দিয়েও আমদানির বিষয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করা যেতে পারে।”

দেশজুড়ে কাস্টমস সার্ভার সমস্যার বিষয়ে তিনি বলেন, “এই জটিলতা সব কাস্টমসেই দেখা দিচ্ছে। তাই আমরা বিকল্প প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছি।”

বৈঠকের আগে তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

সফরসঙ্গীদের মধ্যে ছিলেন এনবিআর-এর সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। এই বন্দরকে আরও কার্যকর করতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান দীর্ঘসূত্রিতা ও প্রযুক্তিগত জটিলতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন এনবিআর চেয়ারম্যান।