এই বছরেই ওয়ানডে থেকে অবসরে যাবেন রোহিত-কোহলি!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর ওয়ানডে থেকেও অবসরে যাচ্ছেন ভারতের তারকা দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। চলতি বছরের শেষের দিকেই ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর নিতে চলেছেন বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৫ সালের অক্টোবর মাসে নির্ধারিত অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজই হতে পারে তাদের ক্যারিয়ারের শেষ ওয়ানডে সিরিজ।

যদিও তারা এখনও ওয়ানডেতে খেলছেন, তবু এই সিরিজের পরই হয়তো তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের এই অধ্যায়ের ইতি ঘটা নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

খবরে আরও বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বর্তমানে কোহলি ও রোহিতকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল পরিকল্পনার অংশ হিসেবে দেখছে না।

এছাড়াও দাবি করা হয়েছে এই সিরিজের পরও তাদের জাতীয় দলে থাকার জন্য ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশের শীর্ষ একদিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে খেলতে হতে পারে। যা কার্যত কোহলি ও রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে বাধ্য করতে পারে।

একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মা আমাদের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনার সঙ্গে খাপ খায় না।

টুর্নামেন্টের এখনও দুই বছরেরও বেশি সময় বাকি এবং তখন দু’জনের বয়স প্রায় ৪০ ছুঁয়ে যাবে, তাই একটি সুস্পষ্ট কৌশল প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতের জন্য তরুণ প্রতিভা গড়ে তোলাও জরুরি।’