জে.সি.বি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে নেতৃত্বের কর্মশালা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জাতীয় বিজ্ঞান চর্চা প্রতিষ্ঠান জে.সি.বি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ক্লাবের কার্যালয়ে এক নেতৃত্ব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এই কর্মশালায় ক্লাবের নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য (ভারপ্রাপ্ত) ও জে.সি.বি বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা মহিলা কলেজের প্রভাষক ও ক্লাবের উপদেষ্টা মমতাজ পারভিন এবং যশোর ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান সুমন হোসেন জিনু।

ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আনিসা তানভীন ঐশী-এর সঞ্চালনায় অর্ধশতাধিক নির্বাহী সদস্য এই কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিত বুদ্ধিমত্তা পরীক্ষা, অনুভূতি ব্যক্তকরণসহ বিভিন্ন সেশন পরিচালিত হয়।

প্রধান অতিথি ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস তার বক্তব্যে বলেন, বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার পরিচয় প্রশংসনীয়।

সভাপতি সাজিন আহম্মেদ জয় জানান, নির্বাহী সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জে.সি.বি বিজ্ঞান ক্লাবের অগ্রগতিতেও সহায়ক হবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয়।