পিবিআই যশোরের অভিযানে ভ্যানচালক সুমন মোল্লা হত্যা মামলার রহস্য উন্মোচন ; গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
নড়াইলের লোহাগড়া উপজেলার ১৫ বছর বয়সী ভ্যানচালক সুমন মোল্লা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। এই ঘটনায় জড়িত প্রধান আসামি শাহাদাত হোসেনকে (১৯) গ্রেফতার করা হয়েছে।

পিবিআই এর প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, গত ২১ আগস্ট সুমন মোল্লা প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার ভ্যানটি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় সুমনের মা লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই যশোরের নজরে আসে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিনের নির্দেশে একটি দল ছায়া তদন্ত শুরু করে। গত ২৪ আগস্ট লোহাগড়ার কামঠানা এলাকায় একটি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুমনের মা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে পিবিআই যশোর জানতে পারে যে, শাহাদাত হোসেন নামে একজন এই ঘটনার সাথে জড়িত। এরপর গত ২৭ আগস্ট গভীর রাতে তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত জানায়, তার টাকার খুব প্রয়োজন ছিল। সে একটি ভ্যান চুরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, সে সুমনকে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নেয়। কিন্তু ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় সে গোপালগঞ্জে ভ্যানটি ফেলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি শাহাদাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।