স্বাধীন কন্ঠ ডেস্ক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং দৃশ্যমান বিচার ছাড়া এ দেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না। তিনি বলেন, ‘২৪ সালের গণআন্দোলনের ১৪ শতাধিক শহীদের রক্তের বিনিময়ে এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু বর্তমানে নানা ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদী নীতি দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করছে।’
রবিবার সকালে যশোর জেলা পরিষদের বিডি হল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের রোডম্যাপ তৈরির প্রসঙ্গে মোবারক হোসাইন বলেন, ‘নির্বাচন হতে হবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না দেশে আবারও কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হোক।’
জামায়াত নির্বাচন চায় না—এমন ধারণাকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা চাই দেশে এমন একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হোক, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজীজুর রহমান, ডা. আলমগীর বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় বসাবে। জনগণের ভোটাধিকার হরণ করা দেশের জন্য কল্যাণকর নয়।’
সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ভোট দিতে না পারলে স্বাধীনতার চেতনা অসম্পূর্ণ থেকে যাবে। নারীরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই মহিলা ওয়ার্ড সেক্রেটারিদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।’







