স্বাধীন কন্ঠ ডেস্ক
একটি প্রতিষ্ঠান শিশু-কিশোরদের জন্য ‘হিটম্যান’ শিরোনামে একটি নতুন কমিক্স বের করতে যাচ্ছে। কার্টুনিস্ট সোহানি এই কমিক্সের অন্য সব ক্যারেক্টারের কার্টুন ফেইজ ফাইনাল করেন। শুধু অপেক্ষায় ছিলেন কমিক্সের মূল চরিত্র ‘হিটম্যান’-এর জন্য। অবশেষে অনেক দিন পর সে তার কাঙ্ক্ষিত ক্যারেক্টারের লুক পেয়ে গেছেন।
সোকানির সেই ‘হিটম্যান’-এর কাঙ্ক্ষিত ক্যারেক্টারের লুকে আছেন রাকিব। এই রাকিব অন্য কেউ না, তিনি হলেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
‘হিটম্যান’ শিরোনামের একটি নাটকে এভাবে দর্শকের সামনে আসবেন এই অভিনেতা। সোহানি চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।
গল্পে দেখা যাবে, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে যাবার সময় রাস্তায় একটা ঝামেলায় জড়িয়ে পড়ে এবং বেশ কিছু মানুষের সাথে তর্কে জড়িয়ে যায়। সে সময় অফিসে যাবার পথে জ্যামে পড়ে সোহানির গাড়ি। সে বাইরে তাকিয়ে দেখে একটি ছেলে বেশ কিছু মানুষের সাথে ঝগড়া করছে।
প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে তার এবং রাগের মাথায় একজনকে উত্তম-মধ্যম দিচ্ছে। ছেলেটির কথা বলার ভঙ্গি বেশ ইন্টারেস্টিং লাগলে সোহানি দ্রুত তার ক্যামেরাটা বের করে রাকিবের বেশ কিছু ছবি ও অ্যাকশন মোমেন্ট ক্লিক করে এবং চলে যায়।
রাকিবকেই সোহানি তার ‘হিটম্যান’ কমিক্সের প্রধান চরিত্রে নির্বাচন করে। এরপর গল্প নতুন দিকে মোড় নেয়।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান।
নির্মাতা বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্য সব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।’
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে শিগগির নাটকটি প্রকাশ পাবে।







