যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় স্বর্ণের বারসহ আটক এক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় বিজিবির অভিযানে ২২৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা–যশোর মহাসড়কের ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম বাদশা শেখ (২৫)। তিনি রাজবাড়ি জেলার নবাবভাড়ী উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে। বিজিবি জানায়, তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানান, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরার মাধ্যমে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩৪ লাখ ৭৯ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, বিদেশি মুদ্রা, হুন্ডিসহ চোরাচালান নিয়ন্ত্রণে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।