স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনে আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে এসব সাক্ষীরা সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
এসব মামলায় আসামিরা পলাতক থাকায় সাক্ষীদের জেরা করা হয়নি।
আজ যেসব সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তার হলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারি দেলোয়ার হোসেন, কর সার্কেল প্রধান সহকারী মোহাম্মদ লুৎফর রহমান, কর সার্কেলের কম্পিউটার অপারেটর মো. রেজাউল হক ও কর সার্কেল নোটিস সার্ভার মো. আবু তাহের।
দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩১ জুলাই এসব মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জগঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে এসব মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।







