স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলার শার্শা উপজেলায় একটি পেট্রোল পাম্প জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার দুপুরে পাম্প মালিকের মেয়ে তনিমা তাসনুভা আজ প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিচার চেয়েছেন।
তনিমা তাসনুভা জানান, তার প্রয়াত বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে শার্শার বাগআঁচড়া মৌজায় ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ নামে একটি পেট্রোল পাম্প স্থাপন করেন। বাবার মৃত্যুর পর থেকেই কিছু ব্যক্তি এই পাম্প দখলের চেষ্টা করে আসছে।
তিনি অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর ভোরে ১৫-১৬ জনের একটি দল পাম্পে হামলা চালায়। তারা পাম্প ম্যানেজার মোঃ আশরাফ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কোপানোর হুমকি দেয় এবং তার কাছ থেকে পাম্পের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এরপর তাকে জোরপূর্বক পাম্প থেকে বের করে দেওয়া হয়।
তনিমা বলেন, বর্তমানে পাম্পে প্রায় ৪০ লক্ষ টাকার তেল রয়েছে, যা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছে।
তিনি জানান, এ বিষয়ে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় প্রভাবশালীদের কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তনিমার মা ইয়াসমিন আক্তার, ভাই আল-ফাইয়াজ কিবরিয়া, ফারদিন কিবরিয়া ও ফাহমিদ কিবরিয়া উপস্থিত ছিলেন।#







