স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের দুটি পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসি টেকনিশিয়ান এবং এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর ও কেশবপুর উপজেলায় এই দূর্ঘটনা ঘটে।
যশোর শহরের রেলরোড এলাকার ‘জনি কাবাব’ রেস্তোরাঁয় এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (২৮) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিফ যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। নিহতের সহকারী জাফর জানান, কাজ করার সময় আরিফ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আরিফের মৃত্যু হয়েছিল।
একই দিনে, জেলার কেশবপুরে বৈদ্যুতিক ওয়াটার হিটার জগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সূর্য ঘোষ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সূর্য কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানায়, তাদের বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানে পানি গরম করার হিটার জগে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলছাত্রের অকাল মৃত্যুতে তার পরিবার ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।







