যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করলো ‘আপ বাংলাদেশ’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্য নিয়ে সম্প্রতি ‘আপ বাংলাদেশ’ তাদের যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে আল মামুন লিখন-কে আহ্বায়ক এবং এনএস সজীব-কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

​সর্বমোট ৫৭ সদস্যের এই কমিটিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন।

​পাঁচ সদস্যের যুগ্ম আহ্বায়কের তালিকায় রয়েছেন হাবিবুর রহমান, বাবুল আক্তার, ডা. হাসিবা নাসরিন, এবং হাবিব আহমেদ শান। এছাড়া, যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন, আহনাফ তাহমিদ বাঁধন, আমীর মোস্তফা ফয়সাল, আকিফুর রহমানরিফা তামান্না।

​কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, আপ বাংলাদেশের মূল উদ্দেশ্য হলো একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সচেতন নাগরিক ও যুবসমাজকে সম্পৃক্ত করা।

​এক বার্তায় আহ্বায়ক আল মামুন লিখন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “২৪ এর গণঅভ্যুত্থান এর পরে আমাদের আশা ছিলো একটা বৈষম্যহীন, ফ্যাসীবাদমুক্ত, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখেছি আমাদের আকাঙ্ক্ষার চূড়ান্ত বাস্তবায়ন কিছুই হয়নি।” তিনি আরও যোগ করেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে যারা নতুন করে বিক্রি করতে চাইছে, আপ বাংলাদেশ তাদের প্রতি হুশিয়ারি জানাচ্ছে। তাঁর মতে, জুলাই শহীদ ও আহতদের আশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়নই হলো সংগঠনের মূল লক্ষ্য।

​অন্যদিকে, সদস্য সচিব এনএস সজীব বলেন, “৪৭, ৭১ ও ২৪—প্রতিবারই সাধারণ ছাত্র-জনতার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। আপ বাংলাদেশ জুলাই-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে সৎ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে চলছে।” তিনি আরও জানান, তাদের এই পথচলার লক্ষ্য হলো দেশে দুর্নীতি, গুম, খুন, পেশিশক্তি, আধিপত্যবাদ ও ধর্মবিদ্বেষের উত্থান রোধ করে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা।

​এই নতুন কমিটি এখন যশোরে আপ বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করবে।