স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার বাদ জুমা যশোর প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর টাউন আহলে হাদীছ জামে মসজিদ, ষষ্টিতলা এবং বকচর আহলে হাদীছ জামে মসজিদের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান হুযাইফা। এরপর সংক্ষিপ্ত আলোচনা করেন শায়খ আব্দুর রহিম। মাওলানা শাইকুল ইসলাম বিন আব্দুল মালেক শুখা মানববন্ধনে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আকবার হোসেন, মাওলানা হারুন হোমাইন, হাফেজ মাশকুর আলম, অধ্যাপক তৌহিদুল ইসলাম , মাওলানা খলিলুর রহমান এবং জয়নাল আবেদীন ।
বক্তারা তাদের বক্তব্যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না থাকার বিষয়টির ওপর আলোকপাত করে বলেন, এর ফলে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
দাবি আদায়ের এই কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।







