যশোরে জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে মহিলাসহ গুরুতর আহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার কচুয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মহিলাসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। আহতরা হলেন,আব্দুল হালিম (৪০), মো: মোশারেফ (৫২) এবং মাহামুদা আক্তার কেয়া (৩০)। তারা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রায়মানিক কচুয়া গ্রামের আব্দুল হালিমের বাড়ির পেছনের চাষকৃত জমি সংলগ্ন সরকারি রাস্তার পরিত্যক্ত জায়গায় চাষাবাদ নিয়ে প্রতিবেশী রাজ্জাক (৬০)-এর সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

​আহত আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার সকালে রাজ্জাক তার জমিতে লাগানো কচু গাছ নিয়ে এসে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এর জের ধরে শুক্রবার সকালে চাষাবাদ শেষে বাড়ি ফেরার পথে রাজ্জাকসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের কিল-ঘুষি ও দেশীয় চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

​আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হামলায় রাজ্জাকের ছেলে রুমান ও সালমান এবং রাকিবসহ আরও কয়েকজন জড়িত ছিল বলে অভিযোগে জানা যায়। আহতদের অবস্থা গুরুতর। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।