স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল-এ বোমা হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার সকালে মাত্র ৫ ঘণ্টার ঝটিকা অভিযানে তাদেরকে উপজেলার ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার চলিশিয়া গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে ইসরাফিল হোসেন (৩০),বুইকারা গ্রামের মৃত করিম হাওলাদারের ছেলে মুজিবর রহমান হাওলাদার (৬২),রাজঘাট এলাকার মৃত তরিকুল শেখের ছেলে হাসান শেখ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী জিয়াউর রহমান-এর কাছে মোবাইলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন চরমপন্থী সংগঠনের নেতা সজল আহম্মেদ। জিয়াউর রহমান সেই চাঁদা দিতে অস্বীকার করায় সজল আহম্মেদ ক্ষিপ্ত হয়ে হামলার পরিকল্পনা করেন।
এই বোমা হামলার মূল দায়িত্ব দেওয়া হয় চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিল হোসেন-কে। হামলার জন্য বোমা তৈরি ও নিক্ষেপের দায়িত্ব পান বুইকারা গ্রামের ভ্যানচালক মুজিবর রহমান হাওলাদার (ওরফে মুজিবর চোরা)। বোমা তৈরির সরঞ্জাম কেনার জন্য তাকে ১৫০০ টাকা সরবরাহ করা হয়।
জানা গেছে, চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিলের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল দুটি মোটরসাইকেলযোগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে এই বোমা হামলা চালায়।
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, “মাত্র পাঁচ ঘণ্টার অভিযানে বোমা হামলায় সরাসরি জড়িত তিন আসামিকে ভিন্ন ভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহূত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি জব্দ করা হয়েছে। অপরটি উদ্ধারে অভিযান চলছে। আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে দুর্বৃত্তরা বোমা হামলা চালালে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।







