শত বাচ্চার মা হতে চাই: পরীমণি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক

ঢালিউড তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ১৬ মিলিয়ন অনুসারী যার, সেই চিত্রনায়িকা পরীমণি এবার আসছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দশম পর্বে।

৪ অক্টোবর, শনিবার, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে বিশেষ এই পর্বটি।

এই পর্বে প্রায় ১০০ মিনিট পরীমণি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনও বলেননি। আগের থেকে অনেক বেশি পরিণত পরীমণি বলেছেন, ‘এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।’

পরীর এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পরীমণি বলেন, ‘এতদিন আমার কোনও সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।’

পরীমণি মজা করে পডকাস্টে বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনও ব্যর্থ হতে দেবো না।’

কথায় কথায় নায়িকা আরও জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি!

বহুমুখী প্রতিভার পরীমণি বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন, অন্যান্য রান্নারও তদারকি করেছিলেন। জানান এসব তথ্যও।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।