শিল্পের বাতিঘর চারুপিঠের নতুন ভবনে আরজুর ৩ লক্ষ টাকা অনুদান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শিল্পচর্চা ও গবেষণার অন্যতম প্রাণকেন্দ্র চারুপিঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট এর নতুন ভবন নির্মাণ প্রকল্পে ৩ লক্ষ টাকা অনুদান দিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন। বুধবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু চারুপিঠের এই মহৎ উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং এস.এম. সুলতানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গুণী শিল্পী ও ভাস্কর মাহাবুব জামাল শামীম ১৯৮৪ সালে চারুপিঠ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে তিনি যশোরের মাটিতে এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিল্পের শক্তিতে সমাজ ও মানব জীবনের উন্নয়ন ঘটানো।

দীর্ঘ চার দশকের পথচলায় চারুপিঠ এখন জীর্ণদশা। এই ‘শিল্পের মশাল’ হাতে নিয়ে প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে গেলেও বর্তমানে এর সংস্কার ও আধুনিকীকরণ জরুরি। প্রতিষ্ঠানটির স্বপ্ন এখন পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি তিনতলা বিশিষ্ট আধুনিক মানসম্মত ভবন নির্মাণ করা।

চারুপিঠ শুধু যশোর শহরের নয়, সমগ্র দক্ষিণাঞ্চলের শিশুদের শিল্পমনস্ক করে তোলায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সংবেদনশীল ও সৃজনশীল সমাজ গঠনে চারুকলার গুরুত্ব তুলে ধরে চারুপিঠের এই উদ্যোগ।

চারুপিঠের কর্তৃপক্ষ এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে আসতে যশোরবাসীসহ সবার প্রতি বিনীত আবেদন জানিয়েছে। তাদের আহ্বান, যশোরের শিল্প ও সংস্কৃতির এই বাতিঘরটিকে উজ্জ্বল রাখতে চারুপিঠের নতুন ভবন নির্মাণ প্রকল্পে আপনারা উদারভাবে এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতা চারুপিঠের স্বপ্নের ভিত গড়তে সাহায্য করবে এবং এই প্রতিষ্ঠানটি আগামী ৫০ থেকে ১০০ বছর ধরে আলো দেবে।

দাতাদের এই সহযোগিতা চারুপিঠের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থারই প্রতিফলন। এর সামান্য সহযোগিতাও চারুপিঠকে একটি আধুনিক মানসম্মত শিল্প গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে।