বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল চোরাচালান পণ্য আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার দিনব্যাপী বেনাপোল আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) ও আন্দুলিয়া বিওপি (বর্ডার আউটপোস্ট) সীমান্ত এলাকায় বিজিবির টহলদল চোরাচালানবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক, ড্রাগন টনিক এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) এ প্রসঙ্গে বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র জানায়, আটককৃত এই চোরাচালান পণ্যগুলো বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।