‘ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলুন’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
  •  যশোরে সিপিবি’র কর্মীসভা ও সমাবেশে কেন্দ্রীয় নেতা এস. এ. রশিদ
স্বাধীন কন্ঠ ডেস্ক
ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি। একইসাথে আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
রবিবার (১২ অক্টোবর ) বিকাল ৪টায় সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মীসভা এবং পরবর্তী সমাবেশে এই আহ্বান জানান বক্তারা। কর্মীসভা শেষে একটি লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য কমরেড এস. এ. রশিদ।
তিনি বলেন, দেশে বর্তমানে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ক্রমশ জেঁকে বসছে। গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটাধিকারহীনতা, লাগামহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক-কৃষকের ওপর নিপীড়ন এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান দেশের গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদবিরোধী সরকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও তীব্র করতে হবে।
সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি কমরেড মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, এড. আমিনুর রহমান হিরু, মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম এবং স্বপন মণ্ডল।
বক্তারা অবিলম্বে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন জোরদার করার আহ্বান জানান। একই সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার(১৪ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর জন্য জেলার জনগণের প্রতি অনুরোধ জানান তারা।