‘ছেলে-মেয়ে সবাই দেশে, একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

সাম্প্রতিক ‘সেফ এক্সিট’ আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে দেশে৷ আমি একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করবো।

রবিবার (১২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান উপদেষ্টারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন, তারা সেফ এক্সিট চান৷’

প্রসঙ্গটি টেনে ‘আপনিও সেফ এক্সিট চান কি না?’ প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কে কী চান সেটা তার ব্যাক্তিগত বিষয়৷ আমার ছেলে মেয়ে সবাই দেশে৷ আমি একা সেফ এক্সিট নিয়ে কী করব?

অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের সেনা হেফাজতে রেখেই বিচারকার্য করার কথা উঠছে৷ এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনে যেটা আছে সেটাই করা হবে।

বেহাত হওয়া কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে এমন প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আইজিপির সঙ্গে কথা বলে পরের সভায় হয়তো জানাতে পারবো৷ নির্বাচনের সময় কেউ যাতে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে৷ সব অস্ত্র সব সময় উদ্ধার হয় না৷ কিছু অস্ত্র তো বাইরে থাকে৷

তিনি বলেন, এজন্যই তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়৷ সমস্ত অস্ত্র হলে তো আইনশৃঙ্খলা বাহিনী লাগতো না৷ নরমালি ইলেকশন হয়ে যেত৷ কোনো ধরনের অসুবিধা নেই৷ আল্লাহ চাইলে ভালোভাবে নির্বাচন হবে৷