যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিতর্ক উৎসব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর এমএম কলেজ শাখার আয়োজনে ভিন্নধর্মী এক বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যশোর এমএম কলেজের ১৯টি বিভাগের প্রথমবর্ষের নারী শিক্ষার্থীরা ‘আমার বিভাগ কেন সেরা’- শীর্ষক এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেন।

বিতর্ক উৎসবের উদ্বোধন করেন যশোর এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম।

বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে এ প্রতিযোগিতা। দুপুরে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রাণিবিদ্যা বিভাগ প্রথম স্থান, ইতিহাস বিভাগ দ্বিতীয় স্থান এবং পরিবেশ বিভাগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।

এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক শাহিদ হোসেন, সহকারী অধ্যাপক খন্দকার হাফিজুল ইসলাম ও সহকারী অধ্যাপক জাহিদ হাসান।

এ আয়োজন সম্পর্কে ছাত্রদলের যশোর এমএম কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন করা হয়েছে।

বিতর্ক উৎসবে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।