স্বাধীন কন্ঠ ডেস্ক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোরের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে যশোর জেলার কোতোয়ালী মডেল থানা এলাকার আরবপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া কারিকরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আরবপুরের বাঁশবাড়িয়া এলাকার মো. টিটো (৪৭) ও বিল্লাল হোসেন (৪৮)। অভিযানে দুই জনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে একটি দল বাঁশবাড়িয়া কারিকরপাড়া এলাকায় টিটোর বাড়িতে অভিযান চালায়। এ সময় টিটো এবং বিল্লাল হোসেনকে হাতেনাতে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি যশোরের কর্মকর্তারা জানিয়েছেন মাদক নির্মূলে অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







