স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রাম সংলগ্ন বেতনা নদীর পাড়ের একটি ঝোপ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার এক কৃষক ঝোপের ভেতর লাল কসটেপে মোড়ানো তিনটি বস্তু দেখতে পান। সন্দেহজনক হওয়ায় তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানান।
খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সেখানে গিয়ে ককটেল সদৃশ্য বস্তু তিনটি উদ্ধার করে এবং পরবর্তীতে সেগুলো থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে আইনি প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।







