যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ‘পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে এক লাখ টাকা জরিমানা করেছে। বুধবার সকালে শহরের এম কে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে এই জরিমানা করা হয়।
জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পরিদর্শনে যায়। পরিদর্শনকালে দেখা যায়, রেস্টুরেন্টে বাসি গ্রিল কাগজে মোড়ানো অবস্থায় বিক্রি করার উদ্দেশ্যে ফ্রিজের মধ্যে সংরক্ষণ অবস্থায় রাখা হয়েছে।
এছাড়াও, বোরহানি ও সচ-এর মোড়কের গায়ে কোনো উৎপাদন ও উত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। সামগ্রিকভাবে রেস্টুরেন্টটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উপাদান সংরক্ষণ ও ভোক্তা পর্যায়ে সরবরাহ করছিল।
মোঃ সেলিমুজ্জামান জানান, রেস্টুরেন্টের এই কর্মকাণ্ড ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ মোতাবেক ভোক্তা অধিকার লংঘনজনিত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ সংঘটনের কারণে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একইসাথে, ভোক্তা পর্যায়ে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য সরবরাহ করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান-এর সাথে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য, যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।







