যশোর সদর হাসপাতালে চুরির চেষ্টা, দুই নারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার  সকালে এই ঘটনা ঘটে।

চিকিৎসার জন্য হাসপাতালে আসা দলেনগর এলাকার আছিয়া খাতুন (২৮) করোনারি কেয়ারের ৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় লাইনে থাকা এক নারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে।

আছিয়া খাতুন দ্রুত টের পেয়ে ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম ঝর্না (২৮) বলে জানান এবং তার সহযোগী জুলেখা (২৩) ঘটনাস্থলেই উপস্থিত ছিল বলে স্বীকার করেন।

আটক ঝর্না ও জুলেখা উভয়েই রূপদিয়া হাই তেলপাম্প এলাকার বাসিন্দা, তবে তাদের স্থায়ী ঠিকানা পাবনা জেলায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।