চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দাঁড়ানোর দাবিতে যশোরে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

​চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট যশোর এর উদ্যোগে রবিবার বিকেলে যশোর প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বিদেশীদের হাতে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার চক্রান্ত রুখে দাঁড়াও’ স্লোগানে এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করা হয়।

​বাম গণতান্ত্রিক জোট যশোর এর সমন্বয়ক, কমরেড হাসিনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর এর নেতা  জিল্লুর রহমান ভিটু,  আলাউদ্দিন এবং  মজনুসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, জনগণের সম্পদ এই চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে চুক্তি দেওয়ার কোনো ইখতিয়ার সরকারের নেই। নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকার রাতের অন্ধকারে ৩০ বছরের জন্য বিদেশীদের কাছে টার্মিনাল কনটেইনার চুক্তি করেছে। একইসঙ্গে, বক্তারা জামালপুরের একটি বেসরকারি কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন এবং তা বন্ধের জোর দাবি জানান।

​বক্তারা অবিলম্বে এই চুক্তি বাতিল করার দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। অন্যথায়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা এর বিরোধিতা করছে, তাদের সাথে বাম গণতান্ত্রিক জোট একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও তারা ঘোষণা দেন।