স্বাধীন কন্ঠ ডেস্ক
সাফ অনূর্ধ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে রয়েছে। সুরভী আক্তার প্রীতির একমাত্র গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে বাংলাদেশ।
আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দাপট দেখিয়েও গোল পাচ্ছিলো না বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও গোল পেতে সময় লেগেছে। ভুটান প্রতি আক্রমণে গেলেও গোল পায়নি।
দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদেনের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।
১৯ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩ মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে জালে জড়ান প্রীতি। শরীর দিয়ে বল ঠেলে দেন তিনি।







