স্বাধীন কন্ঠ ডেস্ক
ব্র্যান্ডের মোবাইল কোম্পানি কুলপ্যাড আনুষ্ঠানিকভাবে যশোরে তাদের ব্যবসায়িক কার্যক্রমের শুভ সূচনা করেছে। বৃহস্পতিবার সকালে শহরের জেজ টাওয়ারের ‘ক্যাপে ডে লাইট’-এ যশোর অঞ্চলের ডিলার ও রিটেইলারদের সাথে এক মতবিনিময় সভার মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এর মধ্য দিয়ে যশোর অঞ্চলের ক্রেতারা সরাসরি কুলপ্যাড ব্র্যান্ডের মোবাইল ফোন ক্রয়ের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় কুলপ্যাড মোবাইল কোম্পানি তাদের পণ্য ও বাজার কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। কুলপ্যাড বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, মোবাইলের গুণগত মান এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
কোম্পানির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপ্যাড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ওবায়দুল্লাহ রাজন, হেড অফ সেলস্ লিমন আজাদ, ন্যাশনাল চ্যানেল ম্যানেজার ফয়সাল মিয়া, রিজিওনাল সেলস্ ম্যানেজার আমীর হামজা রাজন এবং মার্কেটিং ম্যানেজার রাজু আহম্মেদ রাজ প্রমুখ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় ডিলার ও রিটেইলারদের বিপুল অংশগ্রহণে মুখরিত ছিল এই আয়োজন। যশোর অঞ্চলের ডিলার নিউ তনা টেলিকমের স্বত্বাধিকারী কামাল হোসেনসহ প্রায় অর্ধশতাধিক রিটেইলার এই মতবিনিময় সভায় উপস্থিত থেকে কুলপ্যাডের এই নতুন যাত্রাকে স্বাগত জানান।
রিটেইলার মিটে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, যশোর অঞ্চলে কুলপ্যাডের ব্যবসায়িক কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য স্থানীয় ডিলার ও রিটেইলারদের সবরকম সহায়তা প্রদান করা হবে।







