যশোরে ৬৯ লক্ষ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক: বিজিবির সফল অভিযান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৬৯ লক্ষাধিক টাকা মূল্যের একটি স্বর্ণবারসহ এক আন্তর্জাতিক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি সাতক্ষীরার সীমান্ত পথ ব্যবহার করে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

আটককৃত পাচারকারী হলেন ইমরান হোসেন (৪২)। তিনি সাতক্ষীরা জেলার সতর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবি’র একটি টহলদল যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় টহল দলটি ইমরান হোসেনকে আটক করে।

বিজিবি তল্লাশি চালিয়ে ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় থাকা ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ২১২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন স্বীকার করেছেন যে তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলেন।

তিনি আরও জানান, ঢাকা থেকে স্বর্ণটি নিয়ে ইমরান সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এই ঘটনায় আটককৃত পাচারকারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।