ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান, সাধারণ সম্পাদক স্বাক্ষর দত্ত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের ১৩তম জেলা সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এই সম্মেলন করা হয়। সম্মেলনে রাশেদ খানকে সভাপতি এবং স্বাক্ষর দত্তকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইব্রাহিম খলিল।

 

সম্মেলন অধিবেশনটির সভাপতিত্ব করেন, জেলা সংসদের সাবেক সভাপতি আকরাম হোসেন। সম্মেলনে নবনির্বাচিত কমিটি শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল করা এবং সন্ত্রাস ও সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে।

 

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজিফা জান্নাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্র নাথ বাপ্পি।

 

এছাড়া, বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি যশোর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এড. আমিনুর রহমান হীরু এবং সাজ্জাদুর রহমান খান বিপ্লব, ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ অপু রহমান, আলমগীর হোসেন, বাপা যশোরের সভাপতি খন্দোকার আজিজুল হক মনি, কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলার সাধারণ সম্পাদক ইঞ্জি. আবু হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সানোয়ার আলম খান দুলু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা পলাশ পাল, জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ইমরান খান, উজ্জ্বল বিশ্বাস, মারুফ হাসান সুকর্ন প্রমুখ।

 

অতিথিরা তাঁদের বক্তব্যে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের ঐতিহ্য, শিক্ষা অধিকার নিশ্চিত করা, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে পতাকা উত্তোলন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক গাজি গোলাম মোস্তফা।

 

অধিবেশনে বিগত কমিটির প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়। কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিরা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষা-বাণিজ্য ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সম্মেলন অধিবেশনের পর ২৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠিত হয়। নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি রাকিব হাসান রাফি, সাদমান সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম শাহরিয়ার অঙ্গন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রেয়াস খান, সাংস্কৃতিক সম্পাদক রাজুকী মেহরুন রজনী, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক আহনাফ হাবিব সাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র গাঙ্গুলী,  ক্রীড়া সম্পাদক অন্তরা দাস।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন, আরাফাত রহমান পিয়াল, রিয়াদ রায়হান, গোপাল দাস, মার্জিয়া দাস, এস এম নাঈম, চিরঞ্জিত রায়, প্রণয় রায়, অরণ্য মন্ডল, তাহসীন আহমেদ, স্বর্ণা দাস, তনু বিশ্বাস। বাকি দুজন সদস্যকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে বলে জানানো হয়েছে।

 

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক মেঘমল্লার বসু।

 

নবনির্বাচিত সভাপতি রাশেদ খান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, শিক্ষা ও অধিকারের দাবিতে ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকবে।