স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে টাকা চাওয়াকে কেন্দ্র করে জামির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত আনুমানিক দশটার দিকে সদর উপজেলার চাঁন্দুটিয়া গ্রামের কামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জামির হোসেন কামারবাড়ি মোড়ে তার রড-সিমেন্টের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
আহত জামির হোসেন জানান, কামারবাড়ি মোড়ে পৌঁছালে শিবির কর্মী সুজন হোসেন তাকে পথরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সুজন হাতে থাকা ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের জামাতা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, তার শ্বশুরের দোকান থেকে সুজন মালামাল ক্রয় করে। মালামাল ক্রয়ের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় জামির হোসেনের কাছে ব্যবসার প্রায় এক লক্ষ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল, যা হামলাকারী নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। এছাড়া স্থানীয় জামায়াত নেতা হুমায়ুনের সামনেই এ হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।







