স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে শহরে একটি বর্ণাঢ্য মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
যশোর টাউন হল ময়দানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শহীদ জিয়ার জীবন, সংগ্রাম এবং জাতি গঠনে তার অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। তার আদর্শ ও দর্শনকে হৃদয়ে ধারণ করে আমাদের আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। এই ম্যারাথন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ ও ছাত্রসমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক হবে।”
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক জানান, ম্যারাথনটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহরের মুড়লি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পর্যায়ের প্রায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পুরো প্রতিযোগিতাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানসহ স্থানীয় নেতৃবৃন্দ।







