বরযাত্রীবাহীর বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস বোরো ধানের জমিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত ১৩ জন বরযাত্রী আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার টেঙ্গুরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি থেকে বরযাত্রীবাহী বাসটি যশোরের অভয়নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চৌগাছার টেঙ্গুরপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক ছেড়ে রাস্তার পাশে বোরো চাষের জন্য প্রস্তুতকৃত (পাকানো) কর্দমাক্ত জমিতে নেমে যায়।

​দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৩ জন কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার ফলে বাসটি কর্দমাক্ত জমিতে আটকে থাকলেও বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।