স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী শ্রীচন্দ্রপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেয় এবং হেনস্থার চেষ্টা করে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করা হয়।
খবর পেয়ে যুব জামায়াত ও ছাত্রশিবিরের ৮ থেকে ১০ জন নেতাকর্মী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনার ছবি তুলতে গেলে বিএনপি কর্মীরা মুস্তাকিম হাসানের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়।
এ ঘটনায় ছাত্রশিবির কর্মী মুস্তাকিম হাসান ও বায়জিদ এবং যুব জামায়াত কর্মী জহিরুল ইসলাম আহত হন। আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। আহত মুস্তাকিম হাসান ঝিকরগাছা ইউনিয়নের ঝাওদিয়া গ্রামের বাসিন্দা এবং কামাল ফারুকির ছেলে।
ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় ঝিকরগাছা বাজারে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াতের কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে এসে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এখন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাল্টা অভিযোগ দিচ্ছে বলে দাবি করেন তিনি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।







