স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যশোর অঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলার ১৬টি উপজেলায় অবস্থিত ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে।
নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা জোরদারে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন, ডমিনেশন পেট্রোল পরিচালনার পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিজিবির RAT, QRF, হেলিকপ্টার ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দায়িত্ব পালনে সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রাখা হচ্ছে।







