যশোরে ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলা এলাকা থেকে একটি অবৈধ ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে র‍্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মধুগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মারুফ হোসেন (২৭)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ হোসেন মধুগ্রাম এলাকার হারুন অর রশিদের ছেলে।

অভিযানের সময় তার হেফাজত ও বসতবাড়ি তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(ক) ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।