স্বাধীন কন্ঠ ডেস্ক
“জ্ঞানেই মুক্তি, আগামী ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর জেলা সরকারি গ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সালাউদ্দিন।
জেলা গ্রন্থাগারের অফিস সহকারী রাসেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যশোর প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান। স্বাগত বক্তব্য দেন, গ্রন্থাগার উদ্যোক্তা মামুন আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা গণগ্রন্থাগারের কম্পিউটার অপারেটর শাহাবুদ্দিন, সমতা গণগ্রন্থাগারের সভাপতি শ্যামল দত্তসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, যশোর জেলা স্কুলের শিক্ষার্থী রূপনীল রুদ্র। বই পাঠ প্রতিযোগিতায় প্রথম হন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী কাজী মেহেজাবীন নীলিমা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হন সাবিকুন্নাহার, খ গ্রুপে জুনাইনা আক্তার এবং গ গ্রুপে সেজুতি বিশ্বাস। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হন রুফফা নুর জাইয়ান এবং খ গ্রুপে প্রথম হন দ্বীপান্বিতা রায়। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরও পুরস্কৃত করা হয়।




