স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ০৪০০ ঘটিকায় বেনাপোল বিওপির সুবেদার মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেইটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড (ভিএল) গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য আনুমানিক দুই লক্ষ দশ হাজার চারশত) টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।




