স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে মাঠে নেমেছেন যশোরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মকর্তারা।
সোমবার দিনব্যাপী স্বাস্থ্যখাতের একঝাঁক উদ্যোমী তরুণ উদ্যোক্তা ও প্রতিনিধিরা যশোর শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গিয়ে অমিতের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং অনিন্দ্য ইসলাম অমিতের জন্য দোয়া কামনা করেন।
প্রচারণা কার্যক্রমে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তারা বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিন প্রচারণাকারীরা শহরের নানা শ্রেণি-পেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান। স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা বলেন, যশোরের উন্নয়ন ও সেবামুখী রাজনীতি নিশ্চিত করতে অনিন্দ্য ইসলাম অমিতের কোনো বিকল্প নেই। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তারা।
এই কর্মসূচিতে অংশ নেন মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, আল শেফা হাসপাতালের চেয়ারম্যান চঞ্চল হোসেন, রয়েল মেডিকেলের চেয়ারম্যান ইকবাল হোসেন, গাজী হাসপাতালের ব্যবস্থাপক সাইফুল ইসলাম, আস্থা ডায়াগনস্টিকের ব্যবস্থাপক সোহেল রানা, নিউ লাইফ হাসপাতালের ম্যানেজার ইয়াসিন হোসেন, বন্ধন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন লিটন, উত্তরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, মেডি ল্যাব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জোসনা আরা মনি, বন্ধন হাসপাতালের পরিচালক রাজা রানা, গাজী হাসপাতালের পরিচালক রিপন রানা, রয়েল মেডিকেল ডায়াগনস্টিকের পরিচালক আতিকুর রহমানসহ স্বাস্থ্যখাতের আরও অনেকে।




