স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার, যশোরসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রশিক্ষণ কর্মসূচিতে পোস্টাল ব্যালট গ্রহণ, যাচাই-বাছাই, গণনা ও ফলাফল প্রস্তুতের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় অতিথিবৃন্দ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তারা বলেন, পোস্টাল ব্যালট গণনা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রক্রিয়া। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হবেন, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




