চাচড়া ও আরবপুরে খবির গাজীর ব্যাপক গণসংযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খবির গাজী তাঁর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছেন।

সোমবার সকাল থেকে তিনি যশোর সদর উপজেলার চাচড়া ও আরবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।

সকাল থেকেই জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে নামেন খবির গাজী।

গণসংযোগকালে তিনি ধর্মতলা, মন্ডলগাতী, চাচড়া বাজার মোড়, পুলেরহাট বাজার, রাজাগঞ্জ রোড ও তপসিডাঙ্গা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ছোট মেঘলা, নতুনহাট বাজার ও ডুমদিয়া গ্রামের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

পথসভা ও গণসংযোগে মো. খবির গাজী বলেন, “যশোর-৩ আসনের মানুষের সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই। দীর্ঘদিন অবহেলিত এই জনপদের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “ভোটারদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি, তাতে ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত হবে।”

খবির গাজী জানান, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন। একই সঙ্গে তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও ভোটারদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। প্রচারণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রাম ও বাজারগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সাধারণ মানুষ হাত নেড়ে ও শুভেচ্ছা জানিয়ে প্রার্থীকে স্বাগত জানান।