স্বাধীন কন্ঠ ডেস্ক
গাজীপুর থেকে চুরি হওয়া একটি নতুন ট্রাক যশোরে এনে কেটে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর এলাকার খাদেম মার্কেটে অবস্থিত এহসান মোটরস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সূত্র জানায়, গাজীপুরের কাপাশিয়া উপজেলার ব্যবসায়ী মো. রোকনের মালিকানাধীন একটি ১৪ টনের ট্রাক গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-৯৯০৬, ইঞ্জিন নম্বর MHHZ407640 এবং চ্যাসিস নম্বর MB1A2HAC4MRHN3629। দুই বছর আগে ট্রাকটি ইফাত অটোস থেকে কিস্তিতে কেনা হয় এবং এখনো এর সম্পূর্ণ মূল্য পরিশোধ হয়নি।
ইফাত অটোসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম জানান, ট্রাকটি চুরি হওয়ার খবর পাওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছিল।
সোমবার সকালে অনুসন্ধানের অংশ হিসেবে বকচর এলাকায় গিয়ে তিনি দেখতে পান, তাদের কোম্পানির বিক্রি করা একটি নতুন ট্রাক টুকরো টুকরো করে কেটে আলাদা করার কাজ চলছে।
তিনি বলেন, “সন্দেহ হওয়ায় কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং চ্যাসিস নম্বর যাচাই করে নিশ্চিত হই—এটিই সেই নিখোঁজ ট্রাক। গাড়িটি একেবারে নতুন ছিল, অথচ এখানে এনে বডি আলাদা করে কাটার প্রস্তুতি চলছিল।”
কামরুল ইসলাম আরও জানান, ট্রাকটির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক একেক সময় একেক ধরনের অসংলগ্ন বক্তব্য দেন, যা সন্দেহকে আরও জোরালো করে।
এ ঘটনায় ট্রাকের প্রকৃত মালিক মো. রোকন যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইফাত অটোস কর্তৃপক্ষ।
এ বিষয়ে এহসান মোটরস-এর মালিক আহসান মাহমুদ দাবি করেন, তিনি ট্রাকটি অন্য একটি পক্ষের কাছ থেকে কিনেছেন। তবে ওই পক্ষের পরিচয় বা বৈধ কাগজপত্র সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
তিনি বলেন, “যাদের কাছ থেকে গাড়িটি কেনা হয়েছে, তাদের বিষয়টি জানানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।”
এদিকে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, “এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




