স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে একটি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা অস্ত্রসহ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এ সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়।
এ সময় টহল দল লক্ষ্য করে, ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বার দিকে এক ব্যক্তি এগিয়ে আসছে। টহল দলের নিকটবর্তী হলে তাকে থামতে বলা হয়। তবে ওই ব্যক্তি থামার পরিবর্তে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে।
বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত পিস্তলের মূল্য আনুমানিক এক লাখ টাকা, ম্যাগাজিন পাঁচ হাজার টাকা, গুলি এক হাজার টাকা এবং ভারতীয় এস্কার্প সিরাপের মূল্য ১৬ হাজার টাকা। সবমিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য এক লাখ বাইশ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক জানান, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




