স্বাধীন কন্ঠ ডেস্ক
খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বলেছেন, ভোটের বাক্সের সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই; পুলিশের সম্পর্ক কেবল আইন-শৃঙ্খলা রক্ষার সাথে।
মঙ্গলবার বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রস্তুতি
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি তুলে ধরে ডিআইজি জানান, খুলনা রেঞ্জের অধীনে থাকা ৬৪টি থানা নির্বাচনের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত। স্বচ্ছতা বজায় রাখতে তিনি সাংবাদিকদের ভোটের দিন যেকোনো পেশাগত প্রয়োজনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান।
নিরাপত্তার স্বার্থে গৃহীত বিশেষ পদক্ষেপগুলোর মধ্যে তিনি উল্লেখ করেন, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন থানা ও ক্যাম্পের অতিরিক্ত অস্ত্রসমূহ সরকারি হেফাজতে নেওয়া নিশ্চিত করা হয়েছে।
তিনি স্পষ্ট করে জানান, এবারের নির্বাচনে কোনো ধরনের ‘লেথাল ওয়েপন’ (মারাত্মক আগ্নেয়াস্ত্র) ব্যবহার করা হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জরুরি প্রয়োজনে কেবল রাবার বুলেট ব্যবহার করা হতে পারে।
রেজাউল হক বলেন, আমাদের একটাই লক্ষ্য—একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। এমন একটি পরিবেশ তৈরি করা, যার মাধ্যমে আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা মাথা উঁচু করে চলতে পারি।
একইসাথে তিনি সাধারণ নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকারও তাগিদ দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন।




