‘যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক

বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চব্বিশের আন্দোলনে রাজপথে সক্রিয় উপস্থিতির ছিল তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও ভোট দিয়ে সামাজিকমাধ্যমে ছবি শেয়ার করেছিলেন তিনি।

নির্বাচনের পরদিন (১৩ ফেব্রুয়ারি) সকালে আবারও এক ভিন্ন বার্তা নিয়ে হাজির হন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক পোস্টে পাশাপাশি দুটি ছবি প্রকাশ করেন বাঁধন- একটিতে তিনি বোরকা পরিহিতা, অন্যটিতে হাতাকাটা ব্লাউজের সঙ্গে শাড়িতে। ভিন্ন দুই রূপের এই ছবির মাধ্যমে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট জবাব দেন তিনি।

পোস্টে বাঁধন লেখেন, দেশের জন্য এটি গর্বের মুহূর্ত। একটি নির্ঘুম রাতের পর যে স্বস্তির সকাল এসেছে, তা তাকে কৃতজ্ঞ, পরিপূর্ণ ও গভীরভাবে গর্বিত করেছে।

বোরকা প্রসঙ্গে তিনি পরিষ্কার ভাষায় জানান, ছোটবেলা থেকেই তার বোরকা পরার অভ্যাস রয়েছে। তার কাছে এটি কেবল একটি পোশাক- এর বেশি কিছু নয়। কখনও ব্যবহারিক প্রয়োজনেও বোরকা পরেন; যেমন ঘরোয়া পোশাক ঢাকতে, তেল দেওয়া চুল আড়াল করতে কিংবা জনসমাগমে সহজে মিশে যেতে।

যারা তাকে ‘বোরকা কিনতে’ বলে কটাক্ষ করেছেন, তাদের উদ্দেশেই এই ছবি পোস্ট করেছেন বলে উল্লেখ করেন বাঁধন।
তার বার্তা, পোশাকের ভিত্তিতে কাউকে বিচার করা নয়, বরং ব্যক্তির অবস্থান ও বিশ্বাসকে সম্মান করা উচিত।

একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান তিনি। যারা জয়ী হতে পারেননি, তাদের প্রতিও সম্মান জানিয়ে লেখেন, অভিজ্ঞতাটাই এক ধরনের অর্জন।

দেশকে এগিয়ে নিতে সবার প্রতি ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের আহ্বান জানান এই অভিনেত্রী। সবশেষে দেশপ্রেমের কথা উল্লেখ করে বাঁধন লেখেন, এই দেশ আমাদের সবার- সম্মান ও ঐক্যই হওয়া উচিত চূড়ান্ত লক্ষ্য।

দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।