যশোরকে আধুনিক ও বৈষম্যহীন শহর গড়ার অঙ্গীকার এমপি অনিন্দ্য ইসলাম অমিতের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতি শতভাগ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “যশোর সকল ধর্ম, মত ও পথের মানুষের। আমি সবাইকে সাথে নিয়ে যশোরকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

শনিবার সন্ধ্যায় শহরের লালদীঘির পাড়স্থ হরিসভা মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ধানের শীষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতীক। আমি চেয়েছিলাম, আপনারা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজেকে মানুষ এবং বাংলাদেশি হিসেবে ভাবুন। আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তার স্মরণে রয়েছে। যশোরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “যশোরকে নতুনভাবে গড়ার কাজে আপনারাও আমার সহযাত্রী হবেন। আমরা সবাই মিলে একসাথে পথ চলবো এবং একটি আধুনিক ও বৈষম্যহীন যশোর গড়ে তুলবো।”

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেবাশীষ দাস, আহ্বায়ক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, যশোর; নির্মল কুমার বিট, সদস্য সচিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং তপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, জেলা পূজা উদযাপন পরিষদ।

সভায় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং যশোরের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।