স্বাধীন কন্ঠ ডেস্ক
পবিত্র রমজান মাসকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত রাখতে ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে অভিযান শুরু হয়। পরে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন সাইনবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফার অভিযানে শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফার অভিযান শেষে দ্বিতীয় দফায় দড়াটানা হয়ে মুজিবসড়ক ও প্যারিস রোড এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, “শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
