চলচ্চিত্রের নায়িকা বানানোর প্রলোভনে তরুণীকে যৌনপল্লীতে বিক্রি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি// চলচ্চিত্রের নায়িকা বানানোর প্রলোভনে শুটিংয়ের নামে তরুণীকে নিয়ে এসে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির দেড় বছর পর তাকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাতে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর (রহনপুর বড় বাজার) এলাকায়।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে খবরটি জানিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় ওই যৌনপল্লীর দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা (আবুলের বাড়ির ভাড়াটিয়া) সাত্তার শেখের মেয়ে রিতা বেগম (২৭) ও তার স্বামী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর থানার বিদ্যুতপাড়া এলাকার সামছুল আলমের ছেলে সোহেল রানা (৩০)।

এজাহারে উদ্ধার হওয়া তরুণী জানান, অতি দরিদ্র পরিবারে মেয়ে তিনি। ছোট থাকতেই মা অন্যত্র বিয়ে করে। এ অবস্থায় প্রায় সাত বছর আগে তার বিয়ে হয়। অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে পরিচয় হলে তিনি তাকে নায়িকা বানানোর প্রলোভন দেখান। এরই সূত্র ধরে ওই ব্যক্তি শুটিংয়ের কথা বলে ফুঁসলিয়ে গত বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে গ্রেপ্তার দুই ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় বেচে দেন। এরপর গ্রেপ্তার ব্যক্তিরা তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে।এ পরিস্থিতিতে গত শুক্রবার (১৩ আগস্ট) এক ব্যক্তির কাছ থেকে মোবাইল নিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে উদ্ধারের আকুতি জানায়। কিছুক্ষণ পরেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অভিযুক্তদের শনিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।